দেড় বছর আছে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত দুটি তলোয়ার চুরি মামলার প্রধান আসামি আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিলাইদহ থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে চুরি যাওয়া তলোয়ার উদ্ধার করতে পারেনি পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, তলোয়ার খোয়া যাওয়ার পর থেকে আব্দুল মান্নানকে গ্রেফতারে অভিযান চালানো হয়। কিন্তু তিনি পলাতক ছিলেন। মান্নানকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ মার্চ কুঠিবাড়ির দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষের আলমারিতে রাখা পাঁচটি তলোয়ারের মধ্য থেকে দুটি চুরি হয়। ঘটনার ৫দিন পর কুঠিবাড়িতে দায়িত্বরত কাস্টোডিয়ান (তত্ত্বাবধায়ক) মখলেছুর রহমান ভূঁইয়া বাদী হয়ে কুমারখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।








