চালের লাইসেন্স নিয়ে বিভ্রান্তিতে খুলনার ব্যবসায়ীরা

খুলনা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৯:২৩আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৯:২৩

চাল (ফাইল ছবি) আগামী ৩০ অক্টোবরের মধ্যে লাইসেন্স করিয়ে নেওয়ার যে নির্দেশ সরকার দিয়েছে সে ব্যাপারে স্পষ্ট ধারণা নেই খুলনার চাল ব্যবসায়ীদের। নতুন করে আবার কোন ধরনের লাইসেন্স করতে হবে সে বিষয়ে বিভ্রান্তিতে আছেন তারা। এ লাইসেন্স সম্পর্কে আরও সুস্পষ্ট তথ্য জানতে চান চাল ব্যবসায়ীরা। একইসঙ্গে চাল মজুদের তথ্য নিয়মিতভাবে জমা দেওয়ার জন্য খাদ্য বিভাগের পক্ষ থেকে প্রতিনিধি নির্ধারণ ও মনিটরিং করা প্রয়োজন বলেও করেন তারা। খুলনার ব্যবসায়ীরা মনে করেন, ক্ষতি কাটিয়ে উঠতে এখন খাদ্য উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া প্রয়োজন। আর সেজন্য কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়া ও আধুনিক চাষ পদ্ধতির নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

খুলনার বড় বাজারে চালের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মুরাদ ট্রেডার্সের পরিচালক জিয়াউল হক বলেন, ‘ট্রেড লাইসেন্স আছে, কৃষি বিপণন লাইসেন্স আছে, টিন সার্টিফিকেট আছে।  আবার কী লাইসেন্স করতে হবে সেটা তো পরিষ্কার করতে হবে। আর যে লাইসেন্সই হোক না কেন সরকারি সিদ্ধান্ত নিয়ে কোনও বিরোধ নেই। চাল ব্যবসায়ীরা তা করবে। কিন্তু এ লাইসেন্স প্রদানের বিষয়টি যেন সহজ করা হয়। বিভিন্ন সময় লাইসেন্স পেতে গিয়ে ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়ার অভিজ্ঞতা রয়েছে। এ ক্ষেত্রে যেন সে ধরনের ভোগান্তি না থাকে সে বিষয়টিকে অবশ্যই প্রাধান্য দিতে হবে।’

এই চাল ব্যবসায়ী আরও বলেন, ‘সরকারি ঘোষণা অনুযায়ী চাল ব্যবসায়ীরা চালের মজুদ সম্পর্কে সঠিক তথ্য দিতে আগ্রহী। যেহেতু বিষয়টি নতুন প্রক্রিয়া, তাই শুরুতেই এর সফল বাস্তবায়নের ক্ষেত্রে খাদ্য বিভাগ থেকে বাজারভিত্তিক প্রতিনিধি দিয়ে নিয়মিত মনিটরিং করা প্রয়োজন।’

খুলনার কৈয়া এলাকার ব্যাপারি রুহুল আমিন বলেন, ‘কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে কাছের রাইস মিলে নিয়ে যাই। সেখান থেকে চাল করার পর তা বাজারের বিভিন্ন পাইকারি আড়তে সরবরাহ করি। প্রতি মাসে ৬০ থেকে ৯০ বস্তা চাল আড়তগুলোয় দিয়ে থাকি। আমার নিজস্ব কোনও গুদাম নেই। তবে ব্যবসার জন্য প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র রয়েছে। কিন্তু এখন কী লাইসেন্স করতে হবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা নাই।’ তবে দুইবার মজুদ ধান বা চালের তথ্য খাদ্য বিভাগে সরবরাহ করা কোনও ঝামেলাই হবে না বলে তিনি মনে করেন।

বড় বাজারের ওয়েস্ট মেকট রোডের পাইকারি ও খুচরা চাল বিক্রি প্রতিষ্ঠান মেসার্স সাগর ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. আব্দুর রব শেখ বলেন, ‘লাইসেন্স করতে আপত্তি নেই। কিন্তু কী লাইসেন্স করতে হবে তা পরিষ্কার করা দরকার। ইতোমধ্যেই চার থেকে পাঁচটি সনদ নেওয়া হয়েছে। নতুনভাবে কোনও কিছু প্রয়োজন হতেই পারে। সে সম্পর্কে আরও পরিষ্কার করতে হবে।

এদিকে অভিযোগ উঠেছে, মিল মালিকদের দাম কমানোর ঘোষণার পরও খুলনায় যৌক্তিক হারে কমেনি চালের দাম। উল্টো ব্যবসায়ীরা চালে ভেজাল দিতে শুরু করেছেন। ভেজাল মিশ্রিত চাল প্রকার ভেদে কেজিতে ১-৫ টাকা কমছে। এতে সাধারণ ক্রেতারা ক্ষুব্ধ হচ্ছেন। আমদানি করা চালের দাম কমলেও এখনও সামগ্রিকভাবে চালের দাম সহনীয় পর্যায় আসেনি।

মহানগরীর নিউ মার্কেটে খুচরা চাল ব্যবসায়ী মো. নাসির জানান, ‘আমদানিকৃত মোটা চালের দাম কমলেও চিকন চালে প্রভাব পড়েনি। চিকন চালের মানও খারাপ পাওয়া যাচ্ছে। ভাত নষ্ট হচ্ছে। ক্রেতাদের কাছ থেকে অভিযোগ আসছে।’

বড় বাজারে পাইকারি চাল বিক্রেতা মধুসুধন দাস বলেন, ‘এলসির মোটা চালের দাম কমলেও চিকন চালে তেমন প্রভাব পড়েনি। অনেক ক্ষেত্রে চালের মান খারাপ দেখা যাচ্ছে। ক্রেতারাও ক্ষুব্ধ হচ্ছেন।’

বয়রা এলাকার বাসিন্দা চাল ক্রেতা মো. শরিফুল ইসলাম বলেন, ‘স্থানীয় বাজারে চাল পরিস্থিতি মনিটরিংয়ে ঘাটতি রয়েছে। যথাযথ মনিটরিং না থাকায় হঠাৎ বেড়ে যাওয়া চালের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না। চাল ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে নানা সুবিধা নিলেও সাধারণ ক্রেতাদের দুর্ভোগ কমছে না।’

খুলনা জেলা খাদ্য কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, লাইসেন্স দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে জানানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ব্যবসায়ীদের জন্য তিন ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়া হবে। এগুলো হচ্ছে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী ও আমদানিকারক, যা আজ বুধবার থেকেই দেওয়া শুরু হয়েছে। এ বিষয়ে খুলনার প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘মজুদ চালের হিসাব জানতে এলাকাভিত্তিক পরিদর্শক রাখা হবে। তারাই ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মজুদ তালিকা সংগ্রহ করবে। ব্যবসায়ীরা চাইলে অফিসে এসেও তথ্য দিতে পারবেন।’

আরও পড়ুন:

রংপুরের খুচরা চাল ব্যবসায়ীরা লাইসেন্স নিতে রাজি নন 

/এফএস/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের