ঝিনাইদহ সদরের ফুরসন্দি ইউনিয়ন পরিষদ সদস্য আকমল হোসেনকে (৫০) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কুশোবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি শেখ এমদাদুল হক জানান, জেলা সদরের ফুরসুন্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক ও সাবেক চেয়ারম্যান শহীদ শিকদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মালেক চেয়ারম্যান গ্রুপের সমর্থক ইউপি সদস্য আকমাল হোসেনের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। শুক্রবার রাতে কুশোবাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিপেটা করে তার দুই হাত ও দুই পা ভেঙ্গে দেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।
তিনি আরও জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনও মামলা হয়নি।








