ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক নাইজেরীয়কে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্তের তেরঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম স্টিভেন ওসাটো। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। তার কাছে তার নিজের নামের একটি পাসপোর্ট পাওয়া যায়। পাসপোর্ট নম্বর AD-8146872 । এতে দেখা যায় তিনি নাইজেরিয়া থেকে ভারতে ব্যবসায়িক ভিসা লাগিয়ে গত ১২ ডিসেম্বর নয়া দিল্লি আসেন। বাংলাদেশি ভিসা না থাকার পরও তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় ২১ বিজিবির দৌলতপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দৌলতপুর সীমান্তের তেরঘর এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে কিছু বাংলাদেশে আসছে। এই খবরের ভিত্তিতে তেরঘর এলাকায় অভিযান চালিয়ে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়।
২১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোল সীমান্তে এক নাইজেরিয়ান নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।








