এদিকে বেনাপোল চেকপোস্ট এবং ওপারে পেট্রাপোলে বনগাঁ পৌরসভার আয়োজনে এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে সীমান্তে। বাংলাদেশ-ভারত এই দুই দেশের একই ভাষাভাষী লোকজন যোগ দেবেন ২১ ফেব্রুয়ারির এই অনুষ্ঠানে। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বনগাঁ পৌরসভায় এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজন ভারত ও বাংলাদেশের অনেক স্বনামধন্য ও গুণীজনের উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।
দুই বাংলার মোহনায় বেনাপোল-পেট্রাপোল সীমান্তে অমর ২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উদযাপনের লক্ষে বনগাঁ পৌরসভার আয়োজনে যৌথ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরপ্রধান বন্ধু শংকর আঢ্য। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জ্যোতিপ্রিয় মল্লিক।








