বেনাপোল বন্দর থানার বোয়ালিয়া গ্রামে একটি বাজারে অভিযান চালিয়ে জসিম উদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তার কাছ থেকে দুটি হাতবোমা ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে বোয়ালিয়া বাজারের পাশে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বোয়ালিয়া বাজারের পাশে জনৈক আজিজুল বিশ্বাসের পরিত্যক্ত একটি বাড়িতে নাশকতার উদ্দেশ্যে ৬-৭ জন লোক সমাবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার শ্রী বিশ্বনাথ গোস্বামী ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুটি হাতবোমা ও তিনটি রামদাসহ জসিম উদ্দিন নামে একজনকে আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।








