সাতক্ষীরার আশাশুনিতে মোহাম্মদ আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের স্ত্রী বানু বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মার্চ) রাতে উপজেলার পুরোহিতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।তবে পলাতক রয়েছে মোহাম্মদ আলী। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্কুল ছাত্রী টিউবওয়েলে পানি আনতে গেলে পুরোহিতপুর গ্রামের মোহাম্মাদ আলী (৫৫) তাকে জোরপূর্বক তুলে নিয়ে বাড়ির পাশের একটি আম বাগানে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে মোহাম্মাদ আলী প্রভাব খাটিয়ে ধর্ষিতা মেয়েটি ও তার পরিবারকে গ্রাম ছাড়া করে। পরে এলাকার প্রভাবশালীরা বিষয়টি টাকা নিয়ে মিটিয়ে ফেলার প্রস্তাব দিলেও পরবর্তীতে মেয়ের বাবা আশাশুনি থানায় ধর্ষনের মামলা দায়ের করে।
ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, দেরিতে হলেও মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষক মোহাম্মাদ আলি ও তার স্ত্রী বানু বেগমকে আসামি করে আশাশুনি থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ রাতেই ধর্ষকের স্ত্রী বানুকে গ্রেফতার করেছে। শনিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হবে।







