কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোরে বিএনপির মিছিলছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় বিএনপির সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী আজমকে আটক করা হয়। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে শহরের মুজিব সড়কে প্রেসক্লাব সামনে এ ঘটনা ঘটে।
যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু বাংলা ট্রিবিউনকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে পৌঁছালে পুলিশ মিছিলে হামলা চালায়। এতে কয়েকজন সামান্য আহত হন। এরপর পুলিশ সেখান থেকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজমকে আটক করে নিয়ে যায়।
যশোর কোতয়ালি থানার সেকেন্ড অফিসার মানিক চন্দ্র গাইন বলেন, ‘পুলিশের কাছে খবর ছিল- বিএনপির নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ করে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে পারে। সেকারণে পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল। মিছিলটি প্রেসক্লাবের সামনে পৌঁছালে সেখান থেকে কাজী আজমকে আটক করা হয়।’








