বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, আমরা বিশ্বাস করি সব দলের অংশগ্রহণেই নির্বাচন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিএনপি নির্বাচনে আসবে না, এটা দর কষাকষি ছাড়া কিছুই না।’ রবিবার দুপুরে মুজিবনগর দিবস (১৭ এপ্রিল) উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরুর আগে তিনি মেহেরপুর জেলার সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন,‘বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাতের মামলার রায়ে কারাগারে আছেন। আন্দোলন করে তাকে মুক্ত করা যাবে না। আইনি লড়াই করে তাকে মুক্ত করতে হবে।’
পরে তিনি কমিউনিটি সেন্টারের বর্ধিত সভায় অংশ নেন। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। বর্ধিত সভায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।








