বাংলাদেশের প্রতিটি খাত এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে নবনির্মিত মেডিক্যাল সেন্টারের উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে কিট বক্স বিতরণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বুধবার তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে কোনও শাসক বা সরকার দেশ সঠিকভাবে চালাতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী দেশের প্রতিটি খাত এগিয়ে নিতে সক্ষম হয়েছেন।’
প্রাণী সম্পদ অধিদফতরের মহা-পরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, কলেজ অধ্যক্ষ আবদুল হাই। এর আগে মন্ত্রী ৫৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত মেডিক্যাল সেন্টারের উদ্বোধন করেন।






