সম্প্রতি প্রকাশিত তালিকায় মাদক বাণিজ্যের পৃষ্ঠপোষক হিসেবে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদ জানিয়েছেন খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকির হোসেন। বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তার ভাষ্য, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা প্রকাশ করায় ঈর্ষান্বিত প্রতিপক্ষ তার বিরুদ্ধে অপ্রচার চালিয়েছে এবং নাম তালিকাভুক্ত করিয়ে দিয়েছে।
লিখিত বক্তব্যে জাকির বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষ তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আগে থেকেই তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার ও অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় তারা সম্প্রতি প্রকাশিত তালিকায় মাদক পৃষ্ঠপোষক হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করিয়েছে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিনি অবাক ও বিস্মিত হয়েছেন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে দিঘলিয়া থানা এবং দেশের অন্য কোন থানায় মাদক সংক্রান্ত কোন মামলা নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে অপবাদ এবং প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সহযোগীদের দুর্নাম করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আলহাজ্ব গাজী জাকির হোসেন বলেছেন, দিঘলিয়ায় গত ৭ বছরে হওয়া মাদক সংক্রান্ত মামলার সংখ্যা ২০০টিরও বেশি। আসামীর সংখ্যা ৩ শতাধিক। কিন্তু প্রকাশিত তালিকায় চিহ্নিত ও মাদক বাণিজ্যে জড়িত প্রকৃত আসামি ও তাদের প্রশ্রয়দাতাদের নাম আসেনি। তাদের বাঁচানোর জন্য ভুয়া তথ্য দিয়ে মাদকের তালিকা তৈরী করা হয়েছে। মাদকের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ সচেষ্ট রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি ওই কুচক্রীদের খুঁজে বের করা ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান।








