পৃথিবীর বৃহত্তম জার্মান পতাকা প্রদর্শন করলেন মাগুরার আমজাদ হোসেন। জার্মান ফুটবল দলের সমর্থক আমজাদ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নিজের কষ্ট করে জমানো টাকা দিয়ে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এ পতাকাটি তৈরি করেন। মাগুরার নিশ্চিন্তপুর স্কুল মাঠে মঙ্গলবার সকালে পতাকা প্রদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জার্মান দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমজাদ জানান, ২০১৪ সালের বিশ্বকাপে তিনি নিজের জমি বিক্রি করে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা তৈরি করেছিলেন। সে সময় জার্মানির রাষ্ট্রদূত মাগুরা এসে তাকে সংবর্ধনা দিয়েছিলেন। এবার তার নিজস্ব অর্থ এবং কিছু মানুষের সহযোগিতায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ পতাকাটি তৈরি করেছেন। কোনও কিছু পাওয়ার আশায় নয়, শুধু ফুটবলের প্রতি ভালোবাসার জন্যই তিনি এরকম উদ্যোগ নিয়েছেন।
বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের কর্মকর্তা ক্যারেন উইজোরা বলেন, ‘আমরা আমজাদের এ উদ্যোগে অভিভূত। এটি এখন পৃথিবীর সবচেয়ে বড় জার্মান পতাকা। তাই পতাকাটি দেখতে আমরা মাগুরায় ছুটে এসেছি। আমরা জানি আমজাদ অনেক কষ্ট করে এটি তৈরি করেছেন। তাই আমাদের কর্তব্য তার পাশে থাকা। আমরা তার পাশে থাকবো এবং আমজাদের জার্মানি সফরের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবো।’
তিনি আরও বলেন, ‘আগামী বিশ্বকাপেও জার্মানি চ্যাম্পিয়ন হবে এবং খুব শিগগিরই বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এ আশাও রাখি।
জার্মান দূতাবাসের শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা তামারা কবির বলেন, আমজাদ বাংলাদেশ ও জার্মানির মধ্যে একটি দারুণ বন্ধুত্বের স্বাক্ষর রেখেছেন। আগামীতে বাংলাদেশের ফুটবলকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আমি জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ হাসান সিরাজ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজার মোল্লা। এছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে জার্মান ফ্যান ক্লাবের সদস্যরা এ অ্নুষ্ঠানে যোগ দেন।








