খুলনার রূপসা ঘাটের পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে ক্রেতা সেজে দুইটি তক্ষকসহ দুই পাচারারীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৬ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সোমবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন খবর ছিল পাচারকারী চক্র দুইটি তক্ষক কাঠের বাক্সে নিয়ে রূপসা হয়ে যাচ্ছিল। র্যাব সদস্যরা ক্রেতা সেজে রূপসা বাস স্ট্যান্ডে তাদের সঙ্গে যোগাযোগ করে। তক্ষক দুইটির দাম দুই লাখ টাকা নির্ধারিত হয়। এরপর পাচারকারীরা তক্ষক দুইটি সামনে আনার পর তা জব্দ করা হয়। একইসঙ্গে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।
তারা হলো- রূপসা উপজেলার বাগমারা এলাকার মো. হারুন হাওলাদার (৪৮) ও বটিয়াঘাটা উপজেলার ভাতগাতি এলাকার মো. এখলাস হোসেন (৬০)। গ্রেফতারদের রূপসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় র্যাবের ডিএডি শামীম আহমেদ বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছেন। পাশাপাশি জব্দ তক্ষক দুইটি বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন হাওলাদার স্বীকার করেছে সে দেড় বছর ধরে তক্ষক পাচারের সঙ্গে যুক্ত রয়েছে। আর এখলাস হোসেন তক্ষক পাচারের ঘটনায় হারুণের নেতৃত্বে সক্রিয় থাকে বলে জানিয়েছে।







