বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিকত্ব থাকার অভিযোগে তিন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকালে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের সোপর্দ করে।
ফেরত আসা তিন জন হলেন- কুমিল্লা জেলার লালমায় উপজেলার আলীশ্বর গ্রামের সুনীল সূত্রধরের স্ত্রী সেনেকা রানী (৩৪), তার মেয়ে সুমিতা রানী (১৪) ও ছেলে অপূর্ব সূত্রধর (১১)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা তিন বাংলাদেশি বেশকিছু দিন আগে বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ভারতে যায়। এরই মধ্যে ওই তিনজন ভারতীয় পাসপোর্ট তৈরি করে তাতে ভিসা লাগিয়ে গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশে বেড়াতে আসে। গত বুধবার (৩ অক্টোবর) তারা ওই ভারতীয় পাসপোর্ট যোগে ঝিনাদহের দর্শনা বর্ডার দিয়ে ভারতে ফিরে যাওয়ার চেষ্টা করে। এসময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের পাসপোর্ট জমা দিলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে জানতে পারে তারা একইসঙ্গে ভারত-বাংলাদেশের অর্থ্যাৎ দুই দেশের পাসপোর্ট ব্যবহার করে যাতায়াত করছেন। এসময় তাদের আটক করে আইনি প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল পুলিশের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সাধারণ ডায়েরি করে ফেরত আসা তিন জনকে বাংলাদেশে তাদের পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে।








