যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও যশোর-১ শার্শা সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার পুলক কুমার মন্ডলের অফিসিয়াল মোবাইল ফোন নম্বরটি ক্লোন করার অভিযোগ করা হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে তিনি বিষয়টি জানতে পেরেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
পুলক কুমার মন্ডল দাবি করেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কে বা কারা এটা করতে পারে বলে ধারণা করছি। তাই যেকোনো প্রয়োজনে বিষয়টি যাচাই করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, ‘এ ব্যাপারে শার্শা উপজেলার নির্বাহী অফিসার একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’








