নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের লোকজন এক নারীসহ তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত তিন জনের মধ্যে কার্তিক বিশ্বাস (৩৫) সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। অন্য দুই জন প্রভাষ বিশ্বাস (৪৫) ও তার মেয়ে বেলা বিশ্বাস (৩৪) স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
কার্তিক বিশ্বাস বলেন, ‘আমার পেঁয়াজের জমির ওপর দিয়ে বিভিন্ন সময় বীরণ বিশ্বাস (৪০), হরিচাঁদ বিশ্বাস (৪৫) ও বুদ্ধিশ্বর বিশ্বাস (৪২) পাওয়ার টিলার নিয়ে যায়। মঙ্গলবার বিকালে আমি জমির মধ্য দিয়ে পাওয়ার টিলার না নেওয়ার অনুরোধ করি। এতে বীরণ, হরিচাঁদ ও বুদ্ধিশ্বর জোটবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এসময় তাদের হাতের ধারালো অস্ত্রের কোপে আমি গুরুতর আহত হই।
তিনি আরও বলেন, ‘আমাকে বাঁচাতে আমার কাকা প্রভাষ বিশ্বাস ও তার মেয়ে বেলা বিশ্বাস এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরও বেধড়ক মারধর করে জখম করে। পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’
নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি বলেন, ‘কার্তিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। দুই পক্ষকে ডেকে মীমাংসার উদ্যোগ নিয়েছি।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’






