সাতক্ষীরার আশাশুনিতে মোটরসাইকেলচালক জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মানববন্ধন থেকে হত্যার ঘটনায় গ্রেফতার আসামিদের ফাঁসির দাবি জানানো হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে আনুলিয়া বাজার সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা আসামি রবিউল ইসলাম, আলামিন, শরিফুল ও আব্দুল আজিজের ফাঁসির দাবি জানাচ্ছি। মানববন্ধনে এলাকার হাজারো নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, আবু মুসা রনি, সোহরাফ মালী, আলাউদ্দীন, ইউনুছ ঢালী, হাসান ঢালী, জিয়া উদ্দীন, নিহতের পিতা খোকন গাজী, মা আমেনা বিবি প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা দাখিল মাদ্রাসার সেপটিক ট্যাংক থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে তাকে শ্বাসরোধে হত্যার পর, লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেফতার করে।







