কুষ্টিয়ায় হামলায় আহত এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। তার নাম মেহেদী হাসান হৃদয় (১৬)। শনিবার (৯ মার্চ) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদয়ের চাচা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন জানান, ১ মার্চ সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর নর্থ বেঙ্গল রাইচ মিলের চাতালে বাদামের খোসা ফেলাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে হৃদয়ের কথা কাটাকাটি হয়। তখন সেখানে ওয়াজ মাহফিল চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। একদিন পর ৩ মার্চ বিকালে খাজানগর উত্তরপাড়ায় জিয়া দর্জির বাড়ির সামনে হৃদয় ও তার বন্ধু জিহাদের ওপর হামলা করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আনোয়ার হোসেন জানান, হৃদয় কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। সে ওই এলাকার দোস্তপাড়া গ্রামের আকু মন্ডলের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।








