পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইনসপেক্টর পরিচয় দিয়ে ছিনতাই করার অভিযোগে জিএম বুলবুল কবির রিপন (৪০)নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন সোমবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, যশোর সদরের খোলাডাঙ্গা এলাকার হানিফ আলীর ছেলে জিএম বুলবুল কবির রিপনসহ কয়েকজন গত ৮ মে সকালে বেনাপোল থানার ছোটআঁচড়া মোড় থেকে শাকিবুল ইসলাম (১৮), তার বন্ধু ফিরোজ খান ওরফে শরৎ (১৮) এবং সাজুকে (১৮) ভয়ভীতি দেখিয়ে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইলফোন সেট ছিনিয়ে নেন। ওইসময় তিনি নিজেকে পিবিআইয়ের ইনসপেক্টর দাবি করে। মালামাল ফেরৎ নেওয়ার জন্য প্রত্যেককে ৫ হাজার করে টাকা দিতে বলেন।
তিনি আরও জানান, এ ঘটনার পর ফিরোজ খানের মামা আবু মুসা বিকাশের মাধ্যমে রিপনকে চার হাজার টাকা দিলে সে মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ফেরৎ দেয়। এসময় টাকা দিতে না পারায় শাকিবুলের মোবাইল ফোনটি ফেরৎ দেয়নি। শাকিবুল বাড়ি ফিরে বিষয়টি তার বাবাকে জানালে তিনি রিপনকে ফোন দেন। রিপন তাকে ৫ হাজার টাকা নিয়ে ১০ জুন সকালে যশোর কালেক্টরেট চত্বরে আসতে বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন,‘আজ সকালে তারা টাকা নিয়ে ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে রিপনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানে থাকা লোকজন রিপনকে আটকে রেখে পিবিআইকে খবর দেয়। পিবিআই ইনসপেক্টর আব্দুল মান্নান ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় দেন এবং দোষ স্বীকার করেন।
এ ঘটনায় শাকিবুলের বাবা সাজ্জাদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।







