যশোর জেনারেল হাসপাতালে দিন দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এরমধ্যে ছাড়পত্র নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৯ জুলাই জেনারেল হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন ১৪ জন। পরীক্ষা করে দেখা যায় তাদের মধ্যে ১৩ জনই ডেঙ্গুতে আক্রান্ত। ২৮ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৩১ জন। ছাড়পত্র নিয়ে চলে যাওয়ার পর চিকিৎসাধীন ছিলেন ২২ জন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, দিন দিন যেভাবে রোগী ভর্তি হচ্ছে, তাতে অবস্থা উদ্বেগজনক বলা যায়। তবে, ডেঙ্গু রোগীর বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসছে। যশোরে এ পর্যন্ত ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
তিনি বলেন, রোগীদের পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধের কোনও ব্যবস্থা সরকারি হাসপাতালে নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।








