বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তের হামলায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। তার নাম সালাম সরদার (৪০)। এ সময় আহত হন অন্তত ১২ জন। মঙ্গলবার (৩১ জুলাই) রাত তিনটার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে- গড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী শামীম সরদার (২৪), তার স্ত্রী জান্নাতি বেগম (১৯), বাবা এসমাইল সরদার (৫০), রাকিব সরদার (১৪), মোজাম সরদার(৫০), লোকমান সরদার (৪০) ও মঞ্জু বেগমকে (৩০) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রাকিব ও মোজামের অবস্থা আশঙ্কাজনক।
সালাম সরদারের স্ত্রী রেকসোনা বেগম দাবি করেন, রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা।
আহত লোকমান সরদারের স্ত্রী রীনা বেগম বলেন, গভীর রাতে ১০/১২ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে লোকমানকে মারধর করে। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে ছোট ভাই সালাম সরদার সেখানে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।
পরে বুধবার ভোর পাঁচটার দিকে আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্ত্যবরত চিকিৎসক বেলা ৯টার দিকে সালামকে মৃত ঘোষণা করেন।
আহত রাকিব সরদারের বাবা ছলেমান সরদার বলেন, গভীর রাতে একই সময়ে আমাদের আত্মীয়ের ৬টি বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, থানার ওসি কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মোরেলগঞ্জ খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম সালাম বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। এর সঙ্গে জড়িত সন্দেহে মন্টু মোল্লা ও জাফর শেখ নামে দু’জনকে আটক করা হয়েছে।’







