সাতক্ষীরার কালিগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম মনিরা খাতুন (২৬)। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মৌতলা গ্রামে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা কালিগঞ্জ থানার উপপরিদর্শক চিন্ময় মন্ডল বলেন, ‘গৃহবধূর দুই পায়ের হাঁটুর ওপরে, পিঠে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মেয়ে বীথি সুলতানার (৬) শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।’
ওই গৃহবধূ মৌতলা ইউনিয়নের পরামনন্দকাটি গ্রামের কেরামত আলী খানের মেয়ে। তিনি মৌতলা গ্রামের শেখ বাহাউদ্দিনের (৪০) স্ত্রী।
জানা গেছে, ১০ বছর আগে মৃত আব্দুর রশিদের ছেলে শেখ বাহাউদ্দিনের সঙ্গে পরমানন্দকাটি গ্রামের কেরামত আলী খানের মেয়ে মনিরা খাতুনের বিয়ে হয়। বিথী সুলতানা নামে তাদের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ চলছিল।
এলাকাবাসীর অভিযোগ, শনিবার দিবাগত রাতে ঝগড়া শুরু হলে স্বামী বাহাউদ্দিন মনিরা খাতুনকে পিটিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়। রবিবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল ঘটনাস্থলে যান। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।







