সাতক্ষীরায় বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাস মালিক সমিতি। বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জেলা বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, সাতক্ষীরা আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা এলাকায় ২৬ আগস্ট বাসের (গাড়ি নং ৩৩৯) কন্ডাকটার লিটন হোসেনকে মারধর করেছে স্থানীয় যুবকরা। আজ ( মঙ্গলবার, ২৭ আগস্ট) আবার একই রুটে (গাড়ি নং ৩২৭৬) বাসের কন্ডাকটার আসাদকে মারধর করেছে ওই এলাকার যুবকরা। গুরুতর আহতাবস্থায় তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন,‘জেলার প্রায় সব রুটে এমন ঘটনা ঘটে। মালিক সমিতির পক্ষ থেকে অভিযোগ দিলেও আজ পর্যন্ত একটি ঘটনারও সুষ্ঠু সমাধান না হওয়ায় শ্রমিকরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







