যুদ্ধাপরাধসহ অর্ধশত নাশকতা মামলার পলাতক আসামি জামায়াত নেতা রাজাকার মাওলানা আকবর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে তার মেয়ের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আকবর আলী কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের মৃত শেখ জবেদ আলীর ছেলে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আকবর আলী যুদ্ধাপরাধী মামলাসহ ২০১৩ সালে নাশকতার অভিযোগে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ৫০ টিরও বেশি মামলা আছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে মাওলানা আকবর নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৩ সাল থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কলারোয়া উপজেলার ব্রজাবক্সে তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্বে দেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), এসবি, কলারোয়া থানা পুলিশের একাধিক দল।
আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে যুদ্ধাপরাধের মামলা দায়ের হয়, যার নং জিআর ৯২/৯, কালিগঞ্জ।








