যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকায় রাসেল (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই আল আমিন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
নিহত রাসেল ভেকুটিয়ার শ্মশানপাড়ার বাসিন্দা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সালেকের ছেলে।
আবু সালেক বলেন, ‘বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে আমি ও আমার দুই ছেলে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিলাম। তখন একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শামিনুর ও পিচ্চি বাবু দ্রুতগতিতে মোটরসাইকেলে যাচ্ছিলো। গাড়ি আস্তে চালাতে বলায় তারা থেমে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এর ঘণ্টাখানেক পর তারা আবারও লোকজন নিয়ে এসে রাসেল ও আল আমিনকে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।'
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার পথেই রাসেলের মৃত্যু হয়। তার ভাইকে ভর্তি রাখা হয়েছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম জানান, শামিনুর ও পিচ্চি বাবু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তাদের নির্যাতনে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পুলিশকে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু তারা প্রভাবশালী রাজনৈতিক শেল্টারে থাকায় আটক হয় না। আজ তাদের হাতে নিরীহ এক যুবক খুন হলেন; যা অত্যন্ত দুঃখজনক।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।








