সাপের কামড়ের পর হাসপাতালে নেওয়ার পথে রাসেল হোসেন (২০) নামে ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রবিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় ও সহপাঠী সূত্র জানায়, নিহত রাসেল হোসেন ঝিনাইদহের শৈলকুপার উপজেলার শেখপাড়া গ্রামের আমজাদ মোল্লার মেজো ছেলে। শনিবার (১০ অক্টোবর) রাতে খাওয়ার পর নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন তিনি। এ সময় তার ডান হাতের কনুইয়ের নিচে সাপে কামড় দেয়। আনুমানিক রাত ৪টার দিকে ঘুম ভেঙে গেলে তিনি দেখেন হাত থেকে রক্ত ঝরছে। পরে বিষয়টি পরিবারের সদস্যরা জানলে স্থানীয় ওঝার সাহায্যে ঝাঁড়ফুক করিয়ে বিষ নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সকালের দিকে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন জানান, শোকসন্তপ্ত পরিবারকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মহোদয়, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছি। সভাপতি মহোদয় তার আত্মার শান্তি কামনা করে দোয়া-মোনাজাতের আয়োজন করবেন বলে জানিয়েছেন।








