করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরের দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ওই ব্যক্তির নাম শশাঙ্ক ভট্টাচার্য (৬০)। তার বাড়ি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে। বাবার নাম মৃত সিদ্ধিশ্বর ভট্টাচার্য।
এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৪৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন আরও ৩২ জন।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত শনিবার (১১ জানুয়ারি) ওই ব্যক্তি মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তিনি মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।







