মোংলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পক্ষের দুই জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবারের (৮ অক্টোবর) এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বর এমরান বিশ্বাস ও পরাজিত প্রার্থী আউয়াল জোমাদ্দারের সমর্থকরা ইউপি নির্বাচন ইস্যুতে শুক্রবার কচুবুনিয়া বাজারে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে উভয়পক্ষের এ বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন।
আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে দুই জনকে খুলনায় পাঠানো হয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন, আউয়াল জোমাদ্দারের সমর্থক মনির শিকদার, ওবায়দুল শিকদার, মালেক, মোকসেদুল, অলি মৃধা, কবির মল্লিক, লাভলু শিকদার, জামাল খন্দকার ও সুমন এবং এমরান বিশ্বাসের সমর্থক সাখাওয়াত, কামাল শিকদার, রাসেল শিকদার, মজিবর হাজী, আজিজুল শিকদার। আহতদের মধ্যে আউয়াল জোমাদ্দারের সমর্থক মনির শিকদার ও এমরান বিশ্বাসের সমর্থক রাসেল শিকদারকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
এদিকে আউয়াল জোমাদ্দার ও এমরান বিশ্বাস নির্বাচনকে ঘিরে ভোট দেওয়া না দেওয়া এবং স্থানীয় গ্রুপিং নিয়ে এ সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।









