কুষ্টিয়ার মিরপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আয়েশা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের গেটপাড়া নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিশুটির মৃত্যু হয়।
আয়েশা মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার আকাশ আলীর মেয়ে। আয়েশার নানা আব্দুর রশিদ জানান, আয়েশা তার মায়ের সঙ্গে এখানে বেড়াতে আসে। সকালে সে রেল লাইনের ধারে খেলা করছিল। এ সময় কপোতাক্ষ ট্রেন চলে আসে। ট্রেনে কাটা পড়ে আয়েশা মারা যায়।
স্থানীয় পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার ওসি মনজের আলী জানান, গেটপাড়া থেকে ট্রেনে কাটা পড়া একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মোফাজ্জেল মালিথা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মিস্ত্রীপাড়া এলাকার মৃত আবদুল হামিদ ওরফে কেরু মালিথার ছেলে। তিনি স্থানীয় বাজারে কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।









