খুলনায় নিজ স্ত্রী খুকুমনিকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা। র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আল-ফারুক মাদ্রাসা রোডে আসামি কামরুল ইসলাম স্বাধীনকে তার স্ত্রী খুকুমনিকে মারপিট করে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় লোকজন খুকুমনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি খুকুমনি মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় খুকুমনির মা শিউলি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এ ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামি সোনাডাঙ্গা এলাকায় অবস্থান করছেন।
সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একইদিন রাত সোয়া ৯টায় আল ফারুক মাদ্রাসা রোড এলাকায় অভিযান পরিচালনা করে খুকুমনিকে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কামরুলকে গ্রেফতার করে।









