কুষ্টিয়ায় সড়কের পাশে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শফিউর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) ভোরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বৃত্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শফিউর রহমান দুর্ঘটনাকবলিত ট্রাকচালকের সহকারী ছিলেন। যশোরের ঝিকরগাছা এলাকার শাজাহান আলীর ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঝিনাইদহ থেকে মালবোঝাই একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় বৃত্তিপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শফিউর মারা যান।
বটতৈল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।









