কুষ্টিয়ার দৌলতপুরের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফাজ উদ্দীনের বাড়িতে বোমা হামলা চালিয়ে দুজনকে হত্যার মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে কুষ্টিয়ার বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্তরা।
তারা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের মৃত বিদ্যান আলীর ছেলে জামিরুল ইসলাম ওরফে মরু (৫০) এবং একই উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে জাহিদুল ইসলাম ওরফে বোমা জাহিদ (৫৫)।
এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন আব্দুল সালাম ডিকেন, মিন্টু, রুহুল আমীন এবং আব্দুল্লাহ আল মামুন প্রিন্স।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন রাত সাড়ে ৮টার দিকে বাসায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে দুজন নিহত হন। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় আফাজ উদ্দীনের ছেলে এজাজ আহমেদ মামুন বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ৩ মার্চ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোমা হামলা চালিয়ে দুজনকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন আদালত।








