সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী (৭৪) মারা গেছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শহরের কাটিয়া ধোপাপুকুর এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্র জানা গেছে, হার্ট ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গত কয়েক মাস গুরুতর অসুস্থ ছিলেন সাংবাদিক সুভাষ চৌধুরী। বাড়িতেই চলছিল তার চিকিৎসা। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি। সুভাষ চৌধুরীর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
সম্প্রতি বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুভাষ চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাতক্ষীরার সাংবাদিকতার প্রবাদ পুরুষ সুভাষ চৌধুরীর কাছে হাতেখড়ি হয়েছে অনেকের। একাধারে তিনি ছিলেন একজন সফল শিক্ষকও।
সুভাষ চৌধুরী জীবদ্দশায় সাহসিকতার সঙ্গে সব ভয়ভীতি উপেক্ষা করে কেবলই লিখে গেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি গড়ে তুলেছিলেন এক বিশাল তথ্য ভাণ্ডার। এজন্য ‘সাতক্ষীরার ডায়েরি’ নামে পরিচিতি ছিলেন তিনি। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গত ৩০ মে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডে ভূষিত হন এই প্রবীণ সাংবাদিক।









