বাগেরহাটের ফকিরহাটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার শ্যামবাগাত এলাকার নিউ ভিভো আইসক্রিম কারখানার মালিককে এ জরিমানা করা হয়।
র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির জানান, খুলনার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালায়। অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরি করছিল কারখানাটি। মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন আইসক্রিম ও আইসক্রিম তৈরির মালামাল ঘটনাস্থলে ধ্বংস করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।








