সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে তিনি সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এনিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেলেন ৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন রোগী সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯২ জনে।
মারা যাওয়া ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বকচরা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জাহিদুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিবার বিকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতেই তিনি মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৯২ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়েছেন।









