বাগেরহাটের রামপালে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে রামপাল উপজেলার বড় দুর্গাপুর পুঁটিমারি গ্রামের পলাশের ঘেরের টং ঘরে এই ধর্ষণের ঘটনা ঘটে।
আটক দুই জন হলো- রামপাল উপজেলার পাড়গোবিন্দপুর গ্রামের শেখ ফরহাদের ছেলে রাসেল শেখ (২৬) ও কালেখারবেড় গ্রামের আজমল হোসেনের ছেলে রাকিব হোসেন সজল (২৫)।
বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক বাবুল আকতার জানান, ভুক্তভোগী রামপালের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়ে। শুক্রবার বিকালে সে ফয়লাহাট দরবেশ মার্কেটে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হয়। তার অ্যালার্জি সমস্যার কারণে প্রাইভেট পড়তে না গিয়ে মামার বাড়িতে যাওয়ার পথে রনসেন মোড় পৌঁছালে দুই যুবক রহমত (২৬) ও রাসেল শেখ (২৬) মোটরসাইকেলে উঠিয়ে রামপাল থানার বড় দুর্গাপুর পুঁটিমারি গ্রামের পলাশের ঘেরের টং ঘরে নিয়ে যায়।
তিনি আরও জানান, টং ঘরে আগে থেকে অবস্থান করা রাকিব হোসেন সজল মিলে তাকে ধর্ষণ করে। এরপর রাতে তাকে মাহেন্দ্রযোগে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এই ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। অপর একজন এখনও পলাতক রয়েছে।








