নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক ও কাশিমাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সবুর মোল্লার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) শ্যামনগর থানায় এ মামলা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল ইমরান।
মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা-৪ আসনের কাশিমাড়ী নতুন বাজারে নির্বাচনি জনসভায় কাশিমাড়ি গ্রামের জহির উদ্দিন মোল্লার ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সবুর মোল্লা বলেন, যারা নৌকায় ভোট দেবেন না, তারা কেন্দ্রে যাবেন না। যাদের সন্দেহ হবে তাদের টেবিলে সিল মারতে হবে।
এ ছাড়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে রঙিন পোস্টার এবং মোটরসাইকেল নিয়ে মহড়া দেন নৌকার প্রার্থী আতাউল হক। এমন একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে প্রেরণ করেন জেলা নির্বাচন সংক্রান্ত অনুসন্ধান কমিটি।
নির্বাচনি আচরণ বিধি ২০০৮ এর বিধি ১৮ এর অধীনে শ্যামনগর থানায় শুক্রবার এ মামলা করে উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল ইমরান।
নবনির্বাচিত এমপি এস এম আতাউল হক দেশের বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি সংসদীয় নির্বাচন উপলক্ষে কর্মী সমর্থকদের উদ্দেশে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে ২২ ডিসেম্বর একইভাবে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে গত ৫ জানুয়ারি কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেন। ফৌজদারি মামলা মাথায় নিয়ে ৭ জানুয়ারি দাপটের সঙ্গে নিজের ভোটকেন্দ্র হুলহুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়াসহ তালা ও কলারোয়ার বিভিন্ন ভোট কেন্দ্রে দাপিয়ে বেড়াতে দেখা গেছে তাকে।








