সাতক্ষীরার শ্যামনগরে গাবুরায় বজ্রাঘাতে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। আরও দুই জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ জুন) শ্যামনগরের গড় পদ্মপুকুর থেকে গাবুরা হয়ে মোটরসাইকেলযোগে খুলনার কয়রার ঘড়িলালের নিজ বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে গাবুরার গাগড়ামারী ও নেবুবুনিয়া ৩নং এর মাঝামাঝি এলাকার একটি ফাঁকা মৎস্য ঘেরের বাসায় আশ্রয় নেন চার জন। সেখানে বজ্রাঘাতে দুই জন মারা যান। আহত হন বাকি দুই জন।
মৃতরা হলেন- কয়রার ঘড়িলাল গ্রামের মোহাম্মাদ গাজীর ছেলে বোট চালক এনায়েত (৩৭), আলামিনের ছেলে নাজমুল (১১)। আহত দুই জন মারা যাওয়া শিশু নাজমুলের দাদা মুছা গাজী (৬৫) ও মোস্তফা কামালের ছেলে মইনুর (১৩)। তাদের বাড়ি কয়রার দক্ষিণবেদকাশী ইউনিয়নের ঘড়িলাল গ্রামে। আহত দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আহতরা জানান, তারা গড় পদ্মপুকুরের আত্মীয়ের বাসা থেকে পার্শ্বেমারী খেয়াঘাট দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি নামে।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, নেবুবুনিয়ায় বজ্রাঘাতে দুই জন মারা গেছেন শুনেছি। তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে।







