কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের একদিন পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উপজেলা বিএনপির কমিটি। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া জেলাধীন মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। আগামী কিছু দিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে আট জন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান গ্রুপের সঙ্গে ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার টিপু সুলতান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের কমপক্ষে আট জন আহত হন।
মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, মঙ্গলবার দুপুরে মিরপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের অবস্থা গুরুতর। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








