বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল হোসেন (২০) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাহিদ হোসেন (২২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে রাসেল এবং জাহিদ নাভারণ থেকে বেনাপোলে যাচ্ছিলেন। শার্শা স্টেডিয়ামের সামনে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার যশোর হাসপাতালে পাঠানো হবে। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে।’








