দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল

খুলনা প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ১০:২১আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০:২১

খুলনার পাইকগাছা উপজেলার তালতলা থেকে হরিঢালী পর্যন্ত নাছিরপুর খালটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রায় ২০৫ বিঘা জায়গার ওপর বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয় সাইনবোর্ড। মানুষ তিন দশক পরে খালের ওপর তাদের পূর্ণ অধিকার ফিরে পেয়েছে। মাছ ধরার আনন্দে মাতোয়ারা এখন ২০টি গ্রামের ৫০ হাজার মানুষ। পানি নিষ্কাশনের পথ না থাকায় এই মানুষগুলো গত ১৮ বছর ধরে দুর্ভোগের মধ্যে ছিলেন।

বুধবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে খালটি উদ্ধার ও উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন। এলাকার নারী-পুরুষের উৎসবমুখর উপস্থিতিতে সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কৃষ্ণপদ দাসসহ সেনাবাহিনী ও পুলিশের পরিচালনায় খাল থেকে সমস্ত প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

উন্মুক্ত করে দেওয়ার ফলে খালটিকে অবলম্বন করে যাদের অন্নসংস্থান, খালটি ঘিরে যাদের জীবন-জীবিকা তাদের ঘরে ঘরে এখন আনন্দের বন‍্যা বইছে। মিষ্টি বিতরণ চলে গ্রামে-পাড়ায়, বাড়ি-বাজারে। খালের দুই পাড়ে প্রাণ ফিরে পাওয়ার উচ্ছ্বাস এখনও চলছে।

৮০ বছরের কৃষ্ণা রানী মণ্ডল বলেন, ‘দখলের কারণে খালে আমরা কাঁকড়াও ধরতে পারতাম না। অথচ এই কাঁকড়া প্রাকৃতিক। বাজারে বিক্রি করে দেওয়া হতো। কিন্তু আমরা ধরতে পারতাম না। খালে আমাদের অধিকারই ছিল না। এখন ভালো হলো।’

তালতলা, চিনেমলা, গোয়ালবাথান, প্রতাপকাঠি, খোলা, কাজীমুছা, রেজাকপুর, কাশিমনগর, কানাইডাঙ্গা, কপিলমুনি, হরিঢালী, সলুয়া শ্রীরামপুর, হাউলি, নাছিরপুর, রামনগর, মাহমুদকাঠিসহ আশপাশের গ্রামের মানুষের মাঝে দিনটি ছিল অন্যরকম। প্রণোচ্ছ্বাস-উৎসব-উল্লাসের দিন। তারা বহুকাল ধরে যে দাবি আদায়ে অনেক ত‍্যাগ-তিতিক্ষা, নিপীড়ন ও ভয়-ভীতি বৈষম্যের দিন কাটিয়েছেন তা পূরণ হয়েছে।

গত ৩০ জুন খুলনার ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ইজারা-সংক্রান্ত কমিটির সর্বশেষ সভায় পাইকগাছার নাছিরপুর খাল উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল। বহুকাল ধরে খাল সন্নিহিত বিস্তীর্ণ এলাকার সাধারণ জেলে, কৃষক, ঘেরচাষি এবং সর্বসাধারণ অবরুদ্ধ ও অসহায় জীবনযাপন করে আসছিল। রাজনৈতিক দলীয় পরিচয়, খালদস্যু, দখলদার, ভীতি ছড়িয়ে প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করে টাকার পাহাড় গড়েছে। এসব জলমহাল থেকে গ্রামের সাধারণ মানুষ ফসলের জন্য পানি দিতে পারে না, প্রয়োজনীয় কাজেও এ পানি ব্যবহার করতে পারতো না। যারা খালের পাশে মাছের ঘের করে জীবিকা নির্বাহ করে তাদের ঘেরের সর্বনাশ করে আসছিল এই খালদস্যু ও তার সহযোগীরা।

খালদস‍্যুদের নিপীড়নের শিকার হয়েছেন বহু মানুষ। তারা স্থানে স্থানে বাঁশের পাটা, ঘন জালের বেষ্টনী দিয়ে পানি প্রবাহ জব্দ করে খালটি প্রায় ভরাট করে ফেলেছে। গলা টিপে ধরছে খালের প্রাণ-প্রাচুর্যের। যে কারণে দীর্ঘকাল ধরে গ্রাম-গ্রামান্তরের ভুক্তভোগী মানুষ নাছিরপুর খালটি উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিল। খাল ঘিরে রাজনৈতিক দলের দুই গ্রুপের দখল-পাল্টা দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় রণক্ষেত্রের দৃশ‍্যপট সৃষ্টি হয়েছে। সেখানে সাধারণ মৎস্যজীবীদের মারধর করে উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে অসংখ্যবার মিছিল সমাবেশ মানববন্ধন, প্রেস কনফারেন্স করেও মেলেনি সমাধান। অবশেষে খুলনা জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় খাল উদ্ধার ও উন্মুক্ত করার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলো। এরপর খালপাড়ের সাধারণ জেলে, কৃষক এবং সাধারণ মানুষ তাকে অভিনন্দন জ্ঞাপন করে আনন্দ মিছিল করেছেন। মিষ্টি বিতরণ করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি