যশোরের বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় শাহবাগ থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদকে (৪১) ভারতে প্রবেশ করতে না দিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ফেরত পাঠিয়েছে বেনাপোল পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে আবুল কালাম আজাদকে ফেরত পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে স্ত্রীসহ ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। ইমিগ্রেশন সার্ভারে তার পাসপোর্ট ‘স্টপ লিস্টে’ অন্তর্ভুক্ত থাকায় ভারত গমনে অনুমতি না দিয়ে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
জানা যায়, আবুল কালাম আজাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার আমোদীবাদ গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে। তবে জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে কোনও মামলার তথ্য পাওয়া যায়নি। ইমিগ্রেশন পুলিশ তার সম্পর্কে আরও যাচাই-বাছাইয়ের জন্য শাহবাগ থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা বিভাগ (ডিআই-১) এবং বিশেষ শাখা (এসবি) হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করলে এসবি হেডকোয়ার্টার থেকে জানানো হয়, তার নামে কোনও মামলা না থাকলেও ইমিগ্রেশন স্টপ লিস্টে নাম থাকায় বিদেশ গমনের অনুমতি দেওয়া যাচ্ছে না—মর্মে ভারতে যেতে না দিয়ে দেশেই ফেরত পাঠানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন, স্টপ লিস্ট থেকে নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি (আবুল কালাম আজাদ) দেশের বাইরে যেতে পারবেন না। এজন্য তাকে ভারত গমনে অনুমতি দেওয়া যায়নি।








