পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর নাংলী ক্যাম্প এলাকায় রবিবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বন কর্তৃপক্ষের দাবি, বনকর্মীদের চেষ্টায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সোমবার সকালে আবারও বনের ওই এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাওয়া যায়। এ ঘটনার পর বনকর্মী ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে থাকা সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম সোমবার বেলা সাড়ে ১১টায় জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
এদিকে, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের রেঞ্জার বেলায়েত হোসেনকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফওর কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএফও মো. সাইদুল ইসলাম বলেন, যে স্থানে আগুন লেগেছে, সেখানে ছন জাতীয় কিছু গাছ পুড়ে গেছে, যার পরিমাণ প্রায় এক থেকে দেড় একর। তিনি দাবি করেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। ঘটনাস্থল থেকে আগুন কোনও অবস্থাতেই যেন অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইন কেটে ফায়ার সার্ভিস কর্মীসহ বনবিভাগের লোকজন পানি দিচ্ছেন।
আগুনের সূত্রপাত সম্পর্কে এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে- জেলে বা মৌয়ালদের ফেলে দেওয়া বিড়ি, সিগারেটের অংশ থেকে বনের এই এলাকায় আগুন লাগতে পারে। যেখানে আগুন লেগেছে সেখানে ছন জাতীয় খড় ছাড়া অন্য কিছুই নেই। ফলে বনের কোনও বড় উদ্ভিদের ক্ষতির আশঙ্কা খুবই কম।
এর আগে ২০১৪ সালে ২১ মে পূর্ব সুন্দরবন বিভাগের চাদঁপাই রেঞ্জের গুলিশাখালী ও আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের মাঝারমাঝি বাইশেরছিলা এলাকার গহীন অরণ্যে আগুন লাগে। তখনও বিড়ি-সিগারেটের আগুন অথবা মৌয়ালদের অসাবধানতার কারণে বনে আগুন লেগেছিলো। আগুনে বনের প্রায় চার একর জমির ছন জাতীয় উদ্ভিদ পুড়ে যায়।
/বিটি/এজে/








