নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ ও জামায়াতের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সহকারী কমিশনার শামীম হোসাইন এ অভিযান পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার শামীম হোসাইন জানান, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পুরাতন ছাত্রাবাসের প্রধান ফটক ও প্রাচীনে যশোর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পোস্টার সাঁটানো ছিল। একইসঙ্গে বিভিন্ন স্থানে ধানের শীষের প্যানা সংবলিত ব্যানার টাঙানো ছিল। সে কারণে বিএনপি প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বিভিন্ন যানবাহনের পেছনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদেরের ছবি সংবলিত পোস্টার সাঁটানো ছিল। সে কারণে এই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এসব স্থান থেকে পোস্টার অপসারণ করা হয়েছে।
সহকারী কমিশনার শামীম হোসাইন বলেন, ‘জরিমানার সঙ্গে দুই প্রার্থীর প্রতিনিধিকে সতর্ক করা হয়। নির্বাচনি আচরণবিধি মেনে চলতে অভিযান অব্যাহত থাকবে।’









