যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে

যশোর প্রতিনিধি 
১১ জুন ২০২৬, ১৮:১৬ আপডেট : ১১ জুন ২০২৬, ১৮:২৮

যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানা (৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত জুয়েল রানা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ও পাতিবিলা ইউনিয়ন যুবলীগের সদস্য। 

এ ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী মায়া খাতুন (৩৫) আহত হয়েছেন। জুয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাতিবিলা ইউনিয়ন বিএনপি-অধ্যুষিত হিসেবে পরিচিত। জুয়েল রানা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। আওয়ামী লীগের সময়ে স্থানীয় বিএনপি নেতাদের মারপিট ও মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক পটপরিবর্তনের পর জুয়েল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এলাকায় ফেরেন। 

গত বুধবার রাতে পাতিবিলা ইউনিয়নের সদস্য (মেম্বার) ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে নানা সমালোচনা করেন। এর জেরে বৃহস্পতিবার সকালে মুক্তদাহ মোড়ে বিএনপি নেতা নজরুল ইসলাম, তার ছেলে বাবুসহ ছয়-সাত জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জুয়েলের ওপর হামলা চালান। তারা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে দেন। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় মারধর ঠেকাতে গিয়ে স্ত্রী মায়া খাতুনও আহত হন।

যশোর জেনারেল হাসপাতালের মর্গের সামনে আহাজারি করতে দেখা যায় মায়া খাতুনকে। আহাজারি করতে করতে বলছিলেন, ‘সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় স্বামী মুক্তদাহ মোড়ে চা খেতে যায়। সেখানে তাকে ধরে মারধর করে বিএনপির নেতারা। খবর পেয়ে সেখানে গেলে আমাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা। মৃত্যুর আগে আমার স্বামী পানির তৃষ্ণায় আকুতি করতেছিল। কেউ তাকে পানি দেয়নি। এ সময় বিএনপি নেতা নজরুল মেম্বারের ছেলে বাবু জুয়েলের মুখে প্রস্রাব করে দেয়। যারা আমার স্বামীকে এভাবে হত্যা করেছে, তাদের বিচার চাই। হয়তো দেশের আইনে বিচার পাবো না। আল্লাহ তুমি আমার স্বামী হত্যার বিচার কইরো।’

কেন হত্যা করা হয়েছে জানতে চাইলে মায়া বলেন, ‘এলাকায় বিএনপি নেতা নজরুল ও তার ছেলে চাঁদাবাজি করতো। চাঁদাবাজির প্রতিবাদ করেছিল জুয়েল। সেই কারণে জুয়েলকে এভাবে হত্যা করেছে তারা।’

অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

পুলিশ জানায়, রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। বিকালে ময়নাতদন্ত শেষে জুয়েলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এ বিষয়ে পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল বলেন, ‘জুয়েল আওয়ামী লীগের ক্যান্ডার প্রকৃতির ছিল। আওয়ামী লীগের সময়ে বিএনপি নেতাকর্মীদের মারপিট, মামলার আসামি করাসহ বিভিন্নভাবে হয়রানি করেছে। তার প্রতি বিএনপির অনেকে ক্ষুব্ধ ছিলেন।’ তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম। 

এ ব্যাপারে জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জুয়েলের বিরুদ্ধে মারামারি ঘটনাসহ তিনটি মামলা রয়েছে। তবে তার স্ত্রীকে বেঁধে রাখার কথা আমাদের জানা নেই। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক