যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের ভবন নির্মাণের জন্য ক্রয়কৃত জমি দখলের অভিযোগে বেনাপোল পৌরসভার দু‘জন কাউন্সিলরসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০টি হাত বোমা, ২টি রামদা, ১টি সাবোল ও ১টি কোদাল জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- বেনাপোল পৌরসভার ৩নং বেনাপোল ওয়ার্ডের কাউন্সিলর অহিদুল ইসলাম খোকন, ৪নং কাগজপুকুর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল ইসলাম, স্থানীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী জসিম, গাজীপুর গ্রামের কাওছার মুহুরী, ছোট আঁচড়া গ্রামের মান্নান, আবিদ, আসলাম, আব্দুল গণি, আব্দুল্লাহ ও সামসুজ্জামান।
আরও পড়ুন:
জানা যায়, বেনাপোল পোর্ট থানার স্থায়ী একটি ভবন নির্মাণের জন্য বাইপাস সড়কের পাশে ছোট আচঁড়ার শান্তি পদ গাঙ্গলীর কাছ থেকে হিন্দুদের দেবোত্ত সম্পত্তি কেনা হয়। কিন্তু এই সম্পত্তির মালিকানা নিয়ে আগে থেকে শান্তি গাঙ্গলীর সঙ্গে জাফরসহ আরও কয়েকজনের দ্বন্দ্ব ছিল। সোমবার দুপুরে কিছু লোক ওই জমির মালিক দাবি করে সেখানে ঘর তোলার চেস্টা করে। খবর পেয়ে পুলিশ রাতে অভিযুক্তদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে দুই পৌর কাউন্সিলর থানায় সুপারিশ করতে আসলে পুলিশ তাদেরকেও আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, পুলিশের সম্পত্তি দখলের চেষ্টা, সহযোগিতা এবং দেশীয় অস্ত্রসহ ১০টি হাত বোমা পাওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আটকদের বিস্ফোরক আইনে মামলা দিয়ে (মামলা নম্বর-২৫, তারিখ-১১/০৪/১৬) মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
/এআর/








