গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১১টায় একটি ফিশিং বোটে আটজন জেলে মাছ আহরণকালে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে গত ২৪ সেপ্টেম্বর বেলা ৩টায় ওই ফিশিং বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি জানান। পরে বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
এরপর কোকিলমনি কোস্ট গার্ড স্টেশন উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র থেকে বিকল হওয়া বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার দেওয়া হয় এবং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।