কুষ্টিয়ার মিরপুরে এক জামায়াত কর্মীকে মারধর করেছেন বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। পরে ওসিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শনিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আজুতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার এশার নামাজের পর স্থানীয় মসজিদে জামায়াতের নেতাকর্মীরা রাজনৈতিক আলোচনা করছেন বলে অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকালে একই সময়ে দুই পক্ষ পৃথক প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।
শনিবার বিকালে জামায়াতের পূর্ব নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শেষের দিকে সেখানে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় মিরপুর থানা পুলিশের একটি দল। এ সময় ওসি শহিদুল ইসলামসহ প্রায় ৩০ থেকে ৪০ জন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
এরই মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াতের এক কর্মীকে বিএনপির কয়েকজন মারধর করতে থাকেন। তাকে উদ্ধার করতে গেলে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম আহত হন। তার হাতে আঘাত লাগে বলে জানায় পুলিশ। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি শহিদুল ইসলাম বলেন, ‘জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমিও আহত হয়েছি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন আর কোনও সমস্যা নেই।’