বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মোটরসাইকেল ও ডাববোঝাই নছিমনের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মোরেলগঞ্জ-বগি আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের মো. আমিন খান (২৩) ও একই গ্রামের সোহেব (১৬)।
মোরেলগঞ্জ থানার ওসি শহীদুল্লাহ জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে দৈবজ্ঞহাটির দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে ডাববোঝাই একটি নছিমনকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নছিমনটি উল্টে মোটরসাইকেল আরোহীদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিফাত খান বলেন, দুর্ঘটনার পর সন্ধ্যায় মোট নয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।