৭ কোটি টাকার পণ্য খালাসে শুল্ক ফাঁকির চেষ্টা, ধরা পড়লো যেভাবে

বেনাপোল প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে শুল্ক ফাঁকি চক্রের তৎপরতায় একের পর এক আমদানি পণ্য চালান পাচারের ঘটনায় কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেড থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের উচ্চ শুল্কের দুই ট্রাক সিনথেটিক ফেব্রিক, শাড়ি ও থ্রিপিস শুল্ক পরিশোধ ছাড়াই বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুল্ক ফাঁকি ও নো-এন্ট্রি সিন্ডিকেটের সদস্যরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও বন্দরের শেড ইনচার্জের সঙ্গে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে পণ্য চালানটি শেড থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্নভাবে চেষ্টা করেও চালানটি আটক করা সম্ভব হয়নি। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ঢাকার কোতোয়ালি থানা-পুলিশ পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকার একটি গুদাম থেকে পণ্য জব্দ করে। এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। তবে এ চক্রের মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি ভারত থেকে কাগজপত্রবিহীন তিন ট্রাক পণ্য নিয়ে আসে চক্রটি। ভারতীয় ট্রাক থেকে পণ্যগুলো বেনাপোল বন্দরের ৪১ নম্বর শেডে খালাস করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে পণ্য চালানটি বন্দর থেকে সরিয়ে নেওয়ার তথ্য পেয়ে এনএসআই বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে জানায়।

এরপর বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা ৪১ নম্বর শেডে গিয়ে ভারতীয় তিন ট্রাকের পণ্য আটক করেন। ওই চালানে প্রায় চার ট্রাক পরিমাণ শাড়ি, থ্রিপিস ও ফেব্রিক ছিল। পণ্য চালানটি দেখভালের দায়িত্ব দেওয়া হয় সহকারী রাজস্ব কর্মকর্তা মঈন উদ্দিন আরমানকে। অভিযোগ রয়েছে, তিনি শুল্ক ফাঁকি চক্রের সদস্যদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে শেডে থাকা চার ট্রাক পণ্যের মধ্যে দুই ট্রাক পণ্য বের করে দেন।

পরে শুক্রবার গভীর রাতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকার সামাদ প্লাজার নিচে অবস্থিত একটি গুদাম থেকে এক ট্রাক ভারতীয় কাপড় জব্দ করে পুলিশ। ওই ট্রাকে ১২০ বস্তা কাপড় ছিলো। এ সময় সাইফুর রহমান (৩৭), সংগ্রাম হোসেন (৩০) ও বাবু (৩৭) নামে তিনজনকে আটক করে কোতোয়ালি থানা-পুলিশ।

পণ্য বের করে নেওয়া দুই ট্রাক আটকের জন্য কাস্টমসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা বিজিবি-কাস্টমসের যৌথ তল্লাশিচৌকিতে নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। যশোরসহ বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ট্রাক দুটি আটকের অনুরোধ জানানো হলেও সেগুলো আটক করা সম্ভব হয়নি।

কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ কাপড় জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতীয় কাপড় সংগ্রহ, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দ করা কাপড়ের উৎস এবং চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এদিকে ঘটনার দিন বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞার নেতৃত্বে তদন্ত, গবেষণা ও ব্যবস্থাপনা ইউনিটের (আইআরএম) একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পণ্য চালানের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা মঈন উদ্দিন আরমানকে অনুপস্থিত পাওয়া যায়। পরে দায়িত্বে না থাকার কারণ জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় যুগ্ম কমিশনারের বিরুদ্ধে সহকারী রাজস্ব কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে কাস্টমসের রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তারা কয়েক ঘণ্টা কাজও বন্ধ রাখেন।

ব্যবসায়ীদের কেউ কেউ বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম প্রধান স্থলবন্দর। এখানে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাফতরিক সিদ্ধান্ত বা দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ থাকলে বিধি অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

তারা আরও বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে কর্মস্থলে কোনও কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ সত্য হলে সেটিও প্রশাসনিকভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা মঈন উদ্দিন আরমানের কাছে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে যা বলার, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান তিনি।

বন্দরের একটি সূত্রের দাবি, পণ্য পাচারের ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা মঈন উদ্দিন আরমানসহ বেনাপোল স্থলবন্দরের একাধিক কর্মকর্তা জড়িত থাকতে পারেন। সুষ্ঠু তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। একই সঙ্গে বন্দরের ৪১ নম্বর শেডে মিথ্যা ঘোষণায় আনা আরও কয়েক কোটি টাকার পণ্য চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এ ছাড়া গত আট মাসে ৪১ নম্বর শেড থেকে মিথ্যা ঘোষণা ও জাল কাগজপত্রের মাধ্যমে কি পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে পণ্য বের করা হয়েছে, তা খতিয়ে দেখতে রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের একটি গোয়েন্দা দল তদন্ত শুরু করেছে বলে সূত্র জানিয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন বলেন, নতুন করে ওঠা অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। রোববার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। বন্দরের কোনও কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী রাজস্ব কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান।

স্থানীয় সচেতন মহলের দাবি, শুল্ক ফাঁকির ঘটনায় কাস্টমস ও বন্দরের অভিযুক্ত বা সহযোগী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় বন্দরের শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাতে পারে।

/আরএইচ/
সম্পর্কিত
শাহবাগেই কেন এত পরিচয়হীন মানুষের মরদেহ মেলে
খুলনায় পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশের মধ্যে যুবক গুলিবিদ্ধ
‌‘সন্ত্রাসী’ বগাকে ধরতে অভিযান: এবার সেই ওসিকে খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি
সর্বশেষ খবর
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
প্রতিবেশীর আলনার নিচে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
প্রতিবেশীর আলনার নিচে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
মণিপুরে ফের সহিংসতা: ৫ জনের প্রাণহানি, বাড়ি-দোকান পুড়ে ছাই
মণিপুরে ফের সহিংসতা: ৫ জনের প্রাণহানি, বাড়ি-দোকান পুড়ে ছাই
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?